কিশোরগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাসের সঙ্গে গরুবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন।
আজ সোমবার(৬ জুলাই) বিকেল ৩টার দিকে পাকুন্দিয়া উপজেলার সুখিয়া বাজারের কাছে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় পিকআপে থাকা ছয়টি গরুরও মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন পিকআপে থাকা নরসিংদী জেলার শিবপুর উপজেলার কুন্দাই গ্রামের বিল্লাল (৩৫), খুরশেদ (৬০) ও পিকআপের চালক খোকন (৩৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি বাসের সঙ্গে সুখিয়া বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা চালকসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। পিকআপে থাকা ছয়টি গরুও মারা যায়। দুর্ঘটনায় পিকআপ ও বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে।
পাকুন্দিয়া থানার এসআই সেলিম হোসেন রকি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175171