তীব্র বাজেট ঘাটতিতে সেনা ছাঁটাইয়ের পরিকল্পনা ইসরায়েলের

তীব্র বাজেট ঘাটতিতে সেনা ছাঁটাইয়ের পরিকল্পনা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক : তীব্র বাজেট ঘাটতির মুখে বড় ধরনের ব্যয়সংকোচনের পথে হাঁটছে ইসরায়েলের সেনাবাহিনী। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চলতি জুলাই মাসের শেষ নাগাদ প্রায় ১০ হাজার রিজার্ভ সেনাকে অব্যাহতি দেয়ার পরিকল্পনা করেছে দেশটির সামরিক বাহিনী। সামরিক ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সৃষ্ট অর্থসংকটের মধ্যেই এ পদক্ষেপের কথা সামনে এসেছে। এ নিয়ে প্রতিরক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে মতবিরোধও দেখা দিয়েছে। 

ইসরায়েল হায়োম পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে সক্রিয় দায়িত্বে থাকা রিজার্ভ সেনার সংখ্যা প্রায় ৬০ হাজার। পরিকল্পনা বাস্তবায়ন হলে তা কমে প্রায় ৫০ হাজারে নেমে আসবে। এতে সেনাবাহিনীর বাজেটের ওপর বাড়তে থাকা চাপের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে। প্রতিবেদনে বলা হয়, সামরিক ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ইসরায়েলের সেনাবাহিনী বড় ধরনের অর্থসংকটে পড়েছে। এর ফলে বাজেটে শত শত কোটি শেকেলের ঘাটতি তৈরি হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যম ইয়েদিওত আহরোনোত ও ক্যালকালিস্ট জানিয়েছে, এই ছাঁটাইয়ের প্রভাব পড়বে আঞ্চলিক প্রতিরক্ষা ব্যবস্থায় দায়িত্ব পালনকারী রিজার্ভ সেনাদের ওপর। এর মধ্যে গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরের আশপাশের অবৈধ বসতিগুলোর নিরাপত্তায় নিয়োজিত সদস্য এবং সামরিক সদর দপ্তরের কর্মীরাও রয়েছেন। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, প্রতিরক্ষা বাজেটের আকার নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে গভীর মতবিরোধের মধ্যেই এই পরিকল্পনা সামনে এসেছে।

মূলত ইসরায়েলি সেনাবাহিনী একাধিক আঞ্চলিক সংঘাতে জড়িত থাকায় প্রতিরক্ষা খাতে রেকর্ড পরিমাণ বরাদ্দ চাচ্ছে সামরিক কর্তৃপক্ষ। তবে এতে বাজেট ঘাটতি আরও বাড়তে পারে-এমন আশঙ্কায় অর্থ মন্ত্রণালয় সেই দাবি মেনে নিতে রাজি নয়। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শেষ পর্যন্ত দুই পক্ষ একটি সাময়িক সমঝোতায় পৌঁছেছে। এর আওতায় অতিরিক্ত অর্থ বরাদ্দ দেয়া হবে, তবে শর্ত থাকবে-সেনাবাহিনীকে রিজার্ভ বাহিনীর ওপর নির্ভরতা কমাতে হবে এবং পরিচালন ব্যয়ও কমাতে হবে। খবর : আনাদোলু

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175160