চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকদ্রব্যসহ আটক ১৩
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই গাড়ির যন্ত্রাংশ, হেরোইন ও বৈদ্যুতিক তারসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত আসামিদের গতকাল রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গোমস্তাপুর থানা পুলিশ গতকাল শনিবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করে। এর ধারাবাহিকতায় অবৈধ ভারতীয় গাড়ির যন্ত্রাংশসহ ৩জন আসামিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ২ গ্রাম হেরোইনসহ হাতেনাতে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
অন্যদিকে সরকারি ও জননিরাপত্তামূলক সম্পদ রক্ষায় পুলিশের অভিযানে ১৯ কেজি বৈদ্যুতিক সিলভারের তারসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া প্রকাশ্য স্থানে মাদক সেবন ও জনবিরক্তি সৃষ্টির অপরাধে পুলিশ আইনে ৮ জনকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) নূরে আলম জানায়, এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং চুরির সিন্ডিকেট ভেঙে দিতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। গেফতারকৃত মোট ১৩ জন আসামিকে পুলিশি পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175074