বিশ্ব জনসংখ্যা দিবস’-২৬-এর থিম সং গাইলেন রাজীব লিজা

বিশ্ব জনসংখ্যা দিবস’-২৬-এর থিম সং গাইলেন রাজীব লিজা

অভি মঈনুদ্দীন ঃ এই প্রজন্মের জনপ্রিয় দুই সঙ্গীতশিল্পী রাজীব ও লিজা দু’জনেই রিয়েলিটি শো ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এ অংশগ্রহনের মধ্যদিয়ে পেশাগতভাবে বাংলাদেশের গানের ভুবনে শিল্পী হিসেবে যাত্রা শুরু করেন। সঙ্গীত জীবনে রাজীব ও লিজা বহু বিশেষ বিশেষ দিবসের গান একসঙ্গে গেয়েছেন। আবার সিনেমাতেও একসঙ্গে প্লে-ব্যাক করেছেন। সেই ধারাবাহিকতায় আবারো তারা দু’জন এবার ‘বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬’এর থিম সং-এ কন্ঠ দিয়েছেন।

গত ২ জুলাই রাজধানীর রামপুরায় কিংবদন্তী সুরকার, সঙ্গীত পরিচালক ফোয়াদ নাসের বাবুর স্টুডিওতে তারা দুজন এই থিম সং-এ কন্ঠ দেন। গানের কথা লিখেছেন দীপক কুমার সাহা। গানের কথা হচ্ছে এমন ‘এসেছে নতুন ভোর, খুলেছি সেবার দোর, নতুন শিশুকে করি আবাহন, যত্নে রত্ন মেলে, নিরাপদ সেবা পেলে, তার হাসিতেই হাসে এ ভুবন’। গানের কথার সাথে সমন্বয় রেখে চমৎকার সুর করেছেন ফোয়াদ নাসের বাবু।

ফোয়াদ নাসের বাবু বলেন,‘ এর আগেও আমার সুর সঙ্গীতে রাজীব ও লিজা গান গেয়েছে। দুজনেই বেশ ভালো গায়। এই গানটিও খুউব সুন্দর গেয়েছে তারা দুজন।’

রাজীব বলেন,‘ ফোয়াদ নাসের বাবু ভাই বাংলাদেশের একজন জীবন্ত কিংবদন্তী সুরকার, সঙ্গীত পরিচালক। তিনি যেমন একজন গুনী সঙ্গীত পরিচালক, সুরস্রষ্টা ঠিক তেমনি একজন চমৎকার মনের মানুষ। তার সুরে গান গাইতে সবসময়ই আমার ভীষণ ভালোলাগে। যথারীতি এই গানটিও গাইতে আমার খুউব ভালোলেগেছে। লিজার সঙ্গে গান করাটা সবসময়ই আমার কাছে ভীষণ স্বাচ্ছন্দ্যতার। আশা করছি এই গানটিও শ্রোতাদের ভালোলাগবে।’

লিজা বলেন,‘ যেহেতু এটা বিশেষ দিবসকে উপলক্ষ্যে করে গানটি করা, তাই গানের কথা ও সুরের একটা চমৎকার যোগসূত্র তৈরী করার চেষ্টা করেছেন বাবু স্যার। আমার কাছে গানের সুরটা ভীষণ ভালোলগেছে। রাজীব ভাইতো গাযক হিসেবে দারুণ। তার সঙ্গে এর আগেও বহু গান গেয়েছি। নতুন গানটি নিয়েও আমি আশাবাদী।’

রাজীব লিজা জানান, বিশ্ব জনসংখ্যা দিবসে গানটি বিভিন্ন চ্যানেলে প্রচারে আসবে। এদিকে রাজীব ও লিজা টুকটাক স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন। গতকাল লিজা চট্টগ্রামে একটি স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করেছেন।

রাজীব আগামী ৮ জুলাই একটি স্টেজ শোতে পারফর্ম করবেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175072