নওগাঁর পত্নীতলায় চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার

নওগাঁর পত্নীতলায় চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁ জেলার পত্নীতলা থানাধীন উজিরপুর মিশন (ভূতপাড়া) এলাকা থেকে ১শ’ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, সিপিসি-৩। র‌্যাব-৫ সূত্রে জানা যায়, প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব জঙ্গি, সন্ত্রাসী, মাদক, অস্ত্র, ছিনতাই, প্রতারণাসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত কয়েকদিন র‌্যাব-৫, সিপিসি-৩-এর গোয়েন্দা দল মাদক কারবারি অপু কুমার চৌধুরীর(৩২) গতিবিধি পর্যবেক্ষণ করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার উজিরপুর মিশন (ভূতপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে অপু কুমারকে আটক করা হয়। অপু উপজেলার উজিরপুর মিশন মাল্লা পাড়া গ্রামের ছোট কোন’র ছেলে। এসময় তার কাছ থেকে ১শ’ লিটার অবৈধ চোলাইমদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে পত্নীতলা থানা পুলিশ একই দিনে মাদকবিরোধী পৃথক অভিযানে অবৈধ মাদক সেবনের অভিযোগে চার জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175065