থ্রি-পিস পরে বিএনপি নেতার নাচের ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কার
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার আমিনুল ইসলাম মিন্টুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ রোববার (৫ জুলাই) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ স্বাক্ষরিত এক আদেশে তাকে বহিষ্কার করা হয়।
জানা যায়, সম্প্রতি বিশ্বকাপ ফুটবলে জাপানকে হারিয়ে ব্রাজিলের জয়ের পর থ্রি-পিস পরে নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করেন বিএনপি নেতা মিন্টু। তার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলাবিরোধী ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে খন্দকার আমিনুল ইসলাম মিন্টুর বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175047