পুনরায় চালু হলো সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট

পুনরায় চালু হলো সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট

দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট।

আজ রোববার (৫ জুলাই) সকাল ১১টা ৫০ মিনিটে ম্যানচেস্টার থেকে ২৬৮ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০৮ ফ্লাইট সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর মধ্যে ২২৭ জন যাত্রী সিলেটে নামেন। বাকি ৪১ জন ঢাকায় যান।

ফ্লাইটটির অবতরণ উপলক্ষ্যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের স্বাগত জানান শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্টরা। এর আগে শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০৭ ফ্লাইটে ১৯২ জন যাত্রী নিয়ে ম্যানচেস্টারের উদ্দেশে যাত্রা করে। ওই ফ্লাইটে সিলেটের ১৭১ জন এবং ঢাকার ২১ জন যাত্রী ছিলেন।

এর মধ্য দিয়ে যুক্তরাজ্যের ম্যানচেস্টার প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার পর সিলেট-ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট চলাচল আবারও শুরু হলো। এই দাবি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

প্রসঙ্গত, চলতি বছরের ২৯ জানুয়ারি যুক্তরাজ্য বিএনপির নেতাদের সঙ্গে নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক নিরাপত্তা উপদেষ্টা ও বিমান বাংলাদেশের পরিচালক ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন হুমায়ুন কবির। বৈঠকে ফ্লাইটটি পুনরায় চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

পরে গত ৪ ফেব্রুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দেন, বিএনপি সরকার গঠন করলে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট পুনরায় চালু করা হবে। নতুন সরকার গঠনের চার মাসের মাথায় সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175039