চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় আম ব্যবসায়ী নিহত
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় কালাম (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আড্ডা-নাচোল আঞ্চলিক সড়কের শেরপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই বৃদ্ধ মুন্সিগঞ্জ জেলার বিনোদপুর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে। তিনি পেশায় একজন আম ব্যবসায়ী।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ওই আম ব্যবসায়ী শনিবার রাতে আমনুরা হতে স্টিয়ারিং ভটভটি গাড়িতে আমবোঝাই করে নওগাঁর সাপাহার আম বাজারে নিয়ে যাওয়ার সময় গোমস্তাপুর থানাধীন পার্বতীপুর ইউনিয়নের আড্ডা-নাচোল রোডের শেরপুর নামক স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে চাপা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। গোমস্তাপুর ফায়ার সার্ভিস কর্মীরা সংবাদ পেয়ে ঘটনাস্থল হতে তার মৃতদেহ উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার ওসি নুরে আলম জানান, নিহত ওই বৃদ্ধের লাশ রোববার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175018