আলেমদের যে চারিত্রিক শক্তি রয়েছে, তা ইসলাম বিরোধীদের নেই : বগুড়ায় উলামা মাশায়েখ সমাবেশে বক্তারা
বগুড়া জেলা উলামা মাশায়েখ সমাবেশ আজ শনিবার (৪ জুলাই) বগুড়া মহানগরের নবাববাড়ী রোডস্থ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের মহাসচিব ড. খলিলুর রহমান মাদানী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ঢাকার বায়তুস সালাত জামে মসজিদের খতিব ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আল্লামা আলী হাসান উসামা।
বগুড়া জেলা উলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা মমতাজ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল বাছেতের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-অধ্যাপক ড. আব্দুস সামাদ, অধ্যক্ষ শাহাবুদ্দিন, অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।
প্রধান অতিথির বক্তব্যে ড. খলিলুর রহমান মাদানী বলেন, ভারত উপমহাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে আলেমদের রক্তের ওপর দাঁড়িয়ে। হক ও সত্যের পথে অবিচল থেকে দেশের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে আলেমদের ত্যাগ স্বীকার করার ইতিহাস দীর্ঘ।
আলেমদের যে চারিত্রিক শক্তি ও ঐক্যের শক্তি রয়েছে, তা ইসলামের বিরোধীদের নেই। আজ আমরা দেশ ও দশের জন্য যে দায়িত্ব পালন করছি, তা কেয়ামত পর্যন্ত অব্যাহত রাখতে হবে। তিনি আরও বলেন, আলেমদের পিছনে সবাই কাজ করলেও, সবার আগে হুঙ্কার দিয়েছিল উলামায়ে কেরাম।
আন্দামান দ্বীপপুঞ্জে আলেমদের ওপর চালানো নির্যাতনের ইতিহাস উল্লেখ করে তিনি বলেন, আমাদের বাহিনী এমন বাহিনী-যাদের চারিত্রিক শক্তি ও ঐক্যের শক্তি অদম্য। একজনকে নিতে গেলে আমরা সবাই যাব-এই ঐক্যই আমাদের বড় শক্তি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174997