সিরাজগঞ্জের রায়গঞ্জে ১৮৫ বিদ্যালয়ের ১১২টি  চলছে ভারপ্রাপ্ত দিয়ে : প্রধান শিক্ষক সংকট

সিরাজগঞ্জের রায়গঞ্জে ১৮৫ বিদ্যালয়ের ১১২টি  চলছে ভারপ্রাপ্ত দিয়ে : প্রধান শিক্ষক সংকট

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে। উপজেলার ১৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১২টিতে বর্তমানে স্থায়ী প্রধান শিক্ষক নেই। ফলে অধিকাংশ বিদ্যালয়ই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এতে প্রশাসনিক কার্যক্রম, পাঠদান তদারকি এবং শিক্ষার মানোন্নয়নে নেতিবাচক প্রভাব পড়ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, অবসর, পদোন্নতি, বদলি এবং দীর্ঘদিন শূন্য পদে নতুন নিয়োগ না হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থায়ী প্রধান শিক্ষক না থাকায় সহকারী শিক্ষকদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। প্রশাসনিক কাজের পাশাপাশি শ্রেণিকক্ষে পাঠদান চালিয়ে যেতে হওয়ায় তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে।

শিক্ষকদের দাবি, একজন প্রধান শিক্ষক বিদ্যালয়ের সার্বিক প্রশাসনিক ব্যবস্থাপনা, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-কর্মচারীদের তদারকি, সরকারি কর্মসূচি বাস্তবায়ন এবং অভিভাবকদের সাথে সমন্বয়ের দায়িত্ব পালন করেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে এসব দায়িত্ব যথাযথভাবে পালন করা কঠিন হয়ে পড়ছে।

অভিভাবকদের মতে, স্থায়ী প্রধান শিক্ষক না থাকায় অনেক বিদ্যালয়ে নিয়মিত তদারকি ও প্রশাসনিক কার্যক্রমে কিছুটা ধীরগতি দেখা যাচ্ছে। দ্রুত শূন্য পদগুলো পূরণ করা হলে শিক্ষার্থীরা আরও উন্নত শিক্ষা পরিবেশ পাবে বলে তারা আশা প্রকাশ করেন।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলাল হোসেন বলেন, উপজেলার ১৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১২টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়মিত অবহিত করা হয়েছে। পদোন্নতি ও নতুন নিয়োগের মাধ্যমে শূন্য পদগুলো পূরণ হলে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174991