মোহাম্মদ আলী হাসপাতালে আধুনিক চিকিৎসা দিতে সকল সহযোগিতা দেওয়া হবে : রেজাউল করিম বাদশা এমপি

মোহাম্মদ আলী হাসপাতালে আধুনিক চিকিৎসা দিতে সকল সহযোগিতা দেওয়া হবে : রেজাউল করিম বাদশা এমপি

স্টাফ রিপোর্টার : বগুড়া ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালের উদ্যোগে স্বাস্থ্যসেবা প্রদানকারী ও গ্রহণকারীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং সেবার মানোন্নয়ন বিষয়ক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৪ জুলাই) হাসপাতাল মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় চিকিৎসা সেবার মান বৃদ্ধি এবং রোগী ও চিকিৎসকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। তিনি তার বক্তব্যে বলেন, চিকিৎসা একটি মহান পেশা। চিকিৎসকদের আন্তরিকতা এবং রোগীদের আস্থা  এই দুইয়ের সমন্বয়েই একটি আদর্শ স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে ওঠে। মোহাম্মদ আলী হাসপাতালের সেবার মান আরও বাড়াতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা পৌঁছে দিতে সরকার সব ধরনের সহযোগিতা করবে।

মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মজিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মানিত অতিথি ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। তিনি হাসপাতালের পরিচ্ছন্নতা এবং নাগরিক সুবিধা বৃদ্ধির ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বগুড়া জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ।

আলোচনা সভা সঞ্চালনা করেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মোঃ রাশেদুল ইসলাম রনি। আলোচনা সভায় বক্তারা স্বাস্থ্যসেবার সার্বিক মানোন্নয়ন, রোগী ও সেবাদানকারীদের মধ্যে বিদ্যমান দূরত্ব দূর করে পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং শতভাগ মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সভায় হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174990