চব্বিশের জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে: মন্ত্রী

চব্বিশের জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে: মন্ত্রী

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, চব্বিশের জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর স্বৈরাচার সরকারের পতন হওয়ায় এখন মুক্ত পরিবেশে নাগরিক সমাবেশ করা সম্ভব হচ্ছে।

আজ শনিবার (৪ জুলাই) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিগত নির্বাচনে কুমিল্লার নয়টি আসনে বিএনপিকে বিজয়ী করায় তিনি জেলার মানুষের প্রতি কৃতজ্ঞ।

বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, ততবারই দেশের পাশাপাশি কুমিল্লারও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়েছে। এবারও এর ব্যতিক্রম হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে উন্নয়ন প্রস্তাবনা উপস্থাপন করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

তিনি বলেন, ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন কুমিল্লাবাসীর দীর্ঘদিনের দাবি।

সদ্য ঘোষিত বাজেটে এ রেললাইন নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও চাঁদপুরের মধ্যে রেল যোগাযোগ সহজ হবে এবং যাতায়াতের সময় অন্তত তিন ঘণ্টা কমে আসবে। তিনি এটিকে বর্তমান সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত বলে উল্লেখ করেন।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভূঁইয়া স্বপন ও সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, কুমিল্লা বারের পিপি কাইমুল হক রিংকু, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ও সাবেরা আলাউদ্দিন হেনা এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ জেলা ও মহানগর বিএনপির নেতারা। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174970