বিশ্বকাপ থেকে বিদায়েও গর্বিত কেপ ভার্দে কোচ
স্পোর্টস ডেস্ক : ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে বিশ্বকাপের নকআউট পর্বে খেলতে পারাটাই কেপ ভার্দের জন্য বিশাল মাইলফলক। মাত্র ৫ লাখ ৩০ হাজার জনসংখ্যার দেশটি প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েই যে নৈপুণ্য দেখিয়েছে তাতে বিস্মিত না হয়ে উপায় নেই। গ্রুপ পর্বে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ের বিপক্ষে ড্রয়ের পর শেষ ৩২ এ ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচ টেনে নিয়ে গেছে অতিরিক্ত সময়ে। শেষ পর্যন্ত হার মানলেও মাথা উঁচু করেই বিদায় নিয়েছে ব্লু শার্করা।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছাড়েনি কেপ ভার্দে। নির্ধারিত সময়ে দুইবার সমতায় ফিরে ম্যাচকে অতিরিক্ত সময়ে নিয়ে গেলেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় তাদের। তবে নিজেদের প্রথম বিশ্বকাপ অংশগ্রহণকে গর্বের বলেই উল্লেখ করেছেন কেপ ভার্দের প্রধান কোচ পেদ্রো লেইতাও ব্রিতো। বুবিস্তা নামে পরিচিত এই কোচ ম্যাচ শেষে বলেন, ‘আমি দল এবং কোচিং স্টাফকে নিয়ে ভীষণ গর্বিত। আমরা আমাদের দেশের সম্মান বাড়িয়েছি। আমরা বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলেছি, দুইবার সমতায় ফিরেছি এবং ম্যাচকে অতিরিক্ত সময় পর্যন্ত নিয়ে যেতে পেরেছি।’ তিনি স্বীকার করেন, সেট-পিস থেকেই আর্জেন্টিনার তিন গোলের মধ্যে দুটি হওয়ায় তার দলকে বড় মূল্য দিতে হয়েছে। তবে পরাজয়ের পরও খেলোয়াড়দের প্রশংসায় ভাসিয়েছেন এই কোচ।
বুবিস্তা বলেন, ‘আমরা একটি সেট-পিস থেকে ম্যাচটি হেরেছি। কিন্তু সবচেয়ে বড় কথা, আমি আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত। এই বিশ্বকাপে আমাদের দেশ মর্যাদা ও সম্মানের সঙ্গে নিজেদের উপস্থাপন করেছে। আমরা আমাদের চরিত্র এবং নিজস্ব ফুটবল পরিচয় তুলে ধরতে পেরেছি।’
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174916