আজ প্যারাগুয়ের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স দলে অস্বস্তি
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ফ্রান্স। শেষ ষোলোর লড়াইয়ে প্যারাগুয়ের মুখোমুখি হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে চোটের কারণে ছিটকে গেছেন দলের অন্যতম নির্ভরযোগ্য মিডফিল্ডার অরেলিয়াঁ চুয়ামেনি।
ফরাসি সংবাদমাধ্যম ‘আরএমসি স্পোর্টস’ প্রথম জানায়, ম্যাচের আগের শেষ অনুশীলন সেশনে উরুতে চোট পান চুয়ামেনি। পরে একই তথ্য নিশ্চিত করে ফরাসি ক্রীড়া দৈনিক ‘লেকিপ’। দুই সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চোটের কারণে প্যারাগুয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মাঠে নামতে পারবেন না ফ্রান্সের এই সহ-অধিনায়ক।
চলতি বিশ্বকাপে ফ্রান্সের মাঝমাঠের অন্যতম ভরসা ছিলেন ২৬ বছর বয়সী চুয়ামেনি। এখন পর্যন্ত দলের চার ম্যাচের মধ্যে তিনটিতেই পুরো ৯০ মিনিট খেলেছেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার। তিনি সেনেগাল, নরওয়ের এবং সুইডেনের বিপক্ষে জয়ের ম্যাচগুলোতে খেলেছেন। শুধু গ্রুপ পর্বে ইরাকের বিপক্ষে জয়ের ম্যাচে তাকে বিশ্রাম দিয়েছিলেন কোচিং স্টাফ। চুয়ামেনির অনুপস্থিতিতে মাঝমাঠে সুযোগ পেতে পারেন মানু কোনে। ইরাকের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচেও চুয়ামেনির বদলি হিসেবে খেলেছিলেন তিনি। এবারও তার সঙ্গী হওয়ার সম্ভাবনা রয়েছে আদ্রিয়েন র্যাবিওটের। তবে চুয়ামেনির অনুপস্থিতি ছাড়া ফরাসি শুরুর একাদশে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। শেষ ৩২-এর ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারানো দলটিকেই প্রায় অপরিবর্তিত রাখতে চান কোচ। বাঁ প্রান্তে লুকাস ডিগনি এবং ব্রাডলি বারকোলাও নিজেদের জায়গা ধরে রাখবেন বলে ধারণা করা হচ্ছে।
এবারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে ফ্রান্স। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে তারা নকআউট পর্ব নিশ্চিত করে। এরপর শেষ ৩২-এর ম্যাচে সুইডেনকে সহজেই হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নেয় ফরাসিরা। আক্রমণ ও রক্ষণ দুই বিভাগেই ধারাবাহিক পারফরম্যান্স দেখানো দলটির জন্য চুয়ামেনির অনুপস্থিতি তাই বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।
অন্যদিকে প্যারাগুয়েও দুর্দান্ত পারফরম্যান্স করে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে। ফলে দু’দলের লড়াইটি বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হিসেবে বিবেচিত হচ্ছে। মাঝমাঠে চুয়ামেনির অভিজ্ঞতা ও বল দখলে রাখার সক্ষমতা ফ্রান্সের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তাকে ছাড়াই এখন কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নামতে হবে দিদিয়ের দেশমের শিষ্যদের।
ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ফ্রান্স ও প্যারাগুয়ের ম্যাচটি রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে। এই ম্যাচের বিজয়ী দল নিশ্চিত করবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174910