সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার তিন পুলিশ সদস্য, গ্রেফতার ২

সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার তিন পুলিশ সদস্য, গ্রেফতার ২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিনতাই মামলার এক আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য ও পুলিশের এক সোর্স। ধারালো অস্ত্রের আঘাতে চারজন আহত হয়েছেন। পরে অভিযানে অভিযুক্ত দুই ভাইকে গ্রেফাতার করেছে পুলিশ।

আজ শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সোনারগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান, কনস্টেবল শাহীন, কনস্টেবল মাইনুল এবং পুলিশের সোর্স মাসুম মিয়া। আহত পুলিশ সদস্যরা সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত মাসুম মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত এসআই সুরুজ্জামান জানান, মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের মামলার আসামি সাগরকে গ্রেফতারের উদ্দেশে তিনি দুই কনস্টেবলকে সঙ্গে নিয়ে সাতভাইয়াপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় সাগর ও তার ভাই সজল ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালিয়ে তিন পুলিশ সদস্য ও পুলিশের সোর্সকে আহত করেন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ভাই সাগর ও সজলকে গ্রেফতার করা হয়।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, মোটরসাইকেল ছিনতাই মামলার এক আসামিকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দুই ভাই সাগর ও সজলকে গ্রেফতার করা হয়েছে। একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174900