ইউক্রেনের আরেকটি গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি রাশিয়ার
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর কোস্তিয়ান্তিনিভকা দখলের দাবি করেছে রাশিয়া। শুক্রবার এই তথ্য জানিয়ে রাশিয়া বলেছে, দীর্ঘদিনের তীব্র লড়াইয়ের পর শহরটি এখন তাদের পূর্ণ নিয়ন্ত্রণে।
শহরটি ইউক্রেনের দনবাস অঞ্চলে অবস্থিত এবং এটি ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা শেষ দিকের বড় প্রতিরক্ষাকেন্দ্রগুলোর একটি, যেখান থেকে ক্রামাতোরস্ক ও স্লোভিয়ানস্ক শহরের দিকে যাওয়া যায়। এই দুই শহর দখল করা রাশিয়ার সামরিক কৌশলের গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে বিবেচিত হচ্ছে। যুদ্ধ শুরুর আগে কোস্তিয়ান্তিনিভকায় প্রায় ৭৮ হাজার মানুষ বসবাস করতেন। ২০২৫ সালের শেষ দিক থেকে শহরটি নিয়ে তীব্র যুদ্ধ চলছে। বর্তমানে এক হাজার কিলোমিটারেরও বেশি দীর্ঘ যুদ্ধফ্রন্টে এটিই রাশিয়ার প্রধান সামরিক অভিযান হিসেবে দেখা হচ্ছে।
রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘কোস্তিয়ান্তিনিভকা পুরোপুরি দখল করা হয়েছে। শহরটি এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে।’ তিনি আরো জানান, এ বিষয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করেছেন। পেসকভ জানান, পুতিন রাশিয়ার সেনাবাহিনীর একটি কমান্ড পোস্টে গিয়ে জেনারেল স্টাফের প্রতিবেদন শোনেন এবং পরে সেনাদের ধন্যবাদ জানান।
তিনি আরো বলেন, ইউক্রেনের পূর্বাঞ্চলের লুহানস্ক অঞ্চল এখন সম্পূর্ণ রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। দনবাস অঞ্চলের দুটি অংশের একটি হলো লুহানস্ক। অন্যদিকে, এই দাবি নিয়ে এখনো ইউক্রেন কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174887