অনিয়মের অভিযোগ বগুড়া চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তাকে অব্যাহতি
শহর প্রতিনিধি (বগুড়া) : বগুড়া চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। বগুড়া চেম্বারের নির্বাচন পরিচালনায় পক্ষপাতমূলক কর্মকান্ডের অভিযোগে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন তাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেন। আজ ৪ জুলাই (শনিবার) মোছা. আছিয়া খাতুনের ৩ জুলাই সইকৃত এক পত্রে বিষয়টি জানানো হয়।
এর আগে, নির্বাচন পরিচালনা কমিটির বিরুদ্ধে একটি প্যানেলকে বিজয়ী করতে নানা অনিয়মের অভিযোগ ওঠে। বগুড়া চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা নির্বাচরনি আচরণবিধি লঙ্ঘন করে একটি প্যানেলকে বিশেষ সুবিধা দিয়েছেন এমন অভিযোগে গতকাল শুক্রবার জরুরি সংবাদ সম্মেলন করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। সেলিম-এরশাদ প্যানেলের সভাপতি প্রার্থী মো. সেলিম রেজা ৫ জুলাই (রবিবার) অনুষ্ঠিতব্য বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে অবিলম্বে পরিচালনা কমিটি বাতিল করে নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দাবি জানান।

তিনি অভিযোগ করেন, নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন পরিচালনা কমিটি শুরু থেকেই পক্ষপাতমূলক আচরণ করছে। একটি প্যানেলের পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘন করে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করা হয়। একই প্যানেলের পক্ষ থেকে ভোটারদের নিয়ে ভোজসভার আয়োজন করা হচ্ছে প্রতিনিয়ত। এসব বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির কাছে অভিযোগ দিলেও তারা গুরুত্ব দেয়নি। তিনি আরও অভিযোগ করেন, সবশেষ ভোটার আইডি কার্ড বিতরণ নিয়ে চরম অনিয়ম করেছে নির্বাচন পরিচালনা কমিটি। একটি প্যানেলকে ভোটের আগেই বিজয়ী করতে উঠেপড়ে লেগেছেন তারা। ভোটার আইডি কার্ড ভোটারকে নিজে উপস্থিত হয়ে সংগ্রহ করার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করা হলেও উক্ত প্যানেলের পক্ষ থেকে দুইজনের সই ৬ শতাধিক ভোটার আইডি কার্ড উত্তোলন করা হয়েছে। এমনকি উক্ত প্যানেলের পক্ষ থেকে মোবাইলে মেসেজ দিয়ে ভোটারদেরকে তাদের কাছ থেকে কার্ড সংগ্রহ করতে বলা হচ্ছে। এ বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির দৃষ্টি আকর্ষণ করা হলে প্রথমে তারা অস্বীকার করে। পরবর্তীতে রেজিস্ট্রার চেক করে দেখা যায় সভাপতি পদপ্রার্থী আতিকুর রহমান বাদলের প্রতিষ্ঠানের ম্যানেজার (সই অস্পষ্ট) এবং একই অফিসের স্টাফ রফিকুলের সই এসব কার্ড উত্তোলন করা হয়েছে। এবিষয়ে জানতে চাইলে চেম্বারের অফিস সেক্রেটারি মাসুদ রানা আমাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। নির্বাচন পরিচালনা কমিটি এবং অফিস স্টাফদের আচরণে মনে হচ্ছে তারা একটি বিশেষ প্যানেলকে বিজয়ী করার জন্যই কাজ করছেন। এমতাবস্থায় আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার ব্যাপারে আমরা সন্দিহান। সেলিম রেজা বলেন, উপরোক্ত কারণে এই নির্বাচন পরিচালনা কমিটির অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। এজন্য তারা নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এই নির্বাচন পরিচালনা কমিটি বাতিল করে নতুন পরিচালনা কমিটি গঠনের দাবী জানান।
এই অভিযোগের প্রেক্ষিতে আজ ৩ জুলাই (শুক্রবার) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোছা. আছিয়া খাতুন অভিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ রানাকে অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন এবং একই দিন ৩ জুলাই (শুক্রবার) নির্বাচনি দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করেন , যা আজ ৪ জুলাই প্রকাশিত হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174883