সভাপতি সানু, সাধারণ সম্পাদক জয়
করতোয়া বিনোদন: সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের চূড়ান্ত ফলাফল। ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে অভিনেতা শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জয় চৌধুরী নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন প্রাঙ্গণে অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে শনিবার ভোর ৫টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। শিল্পী সমিতির মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ফলাফলে ২৪৩ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন শিবা সানু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পেয়েছেন ১৭৩ ভোট।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।
নির্বাচনে সহ-সভাপতি পদে ডিএ তায়েব (২৬৯) ও ইলিয়াস কোবরা (২১৬), সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত (২৬৬), সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান (২৩৩), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর (২৭২), দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর (২২১), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব (২২৬) এবং কোষাধ্যক্ষ পদে কমল (২২১) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কার্যকরী পরিষদের ১১টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন কায়েস আরজু (৩২৩), আলি রাজ (২৯৬), নাসরিন (২৮৯), জেসমিন আক্তার (২৮০), শিপন মিত্র (২৪৮), সুশান্ত (২৩২), রাকা আলম (২২৭), শিরিন শিলা (২২৫), চিকন আলী (২২৪), কাবিলা (২২১) এবং ফরহাদ (২১৬)।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু। তার সঙ্গে আরও যুক্ত রয়েছেন কামাল মো. কিবরিয়া লিপু ও বি এইচ নিশা। অন্যদিকে, নির্বাচন পরবর্তী যেকোনো জটিলতা নিরসনে আপিল বোর্ডের দায়িত্বে রয়েছেন প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব ছটকু আহমেদ, কাজী হায়াৎ ও বাদল খন্দকার।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174877