বগুড়ায় ডোবা থেকে লাশ উদ্ধার

বগুড়ায় ডোবা থেকে লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : বগুড়া সদরের এরুলিয়ার শিকারপুরে ডোবার পানিতে ডুবে সাইফুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছে। তিনি বগুড়া মহানগরের গোদারপাড়া দক্ষিণপাড়ার রজিব উদ্দিনের ছেলে। ঘটনাস্থলে যাওয়া বগুড়া সদর থানার এসআই মেহেদী হাসান জানান, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে স্থানীয় লোকজন শিকারপুর বাজারের অদূরে কচুরিপানা ভর্তি একটি ডোবা থেকে জীবন্ত অবস্থায় সাইফুল ইসলামকে উদ্ধার করে। এরপর তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।

স্থানিয়রা জানান,তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। স্পষ্ট করে কথা বলতে পারতেন না। প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ওই ডোবায় পড়ে গিয়ে উঠতে পারছিলেন না। এসময় তার গোঙ্গানির শব্দ শুনে লোকজন তাকে উদ্ধার করে ডোবার পাড়ে তুলে এনে তার পেটে চাপ দিয়ে পানি বের করার চেষ্টা করেন।

ডোবায় পড়ে তিনি প্রচুর পানি খেয়েছিলেন। সেই পানি পেট থেকে বের করার চেষ্টা করছিলেন লোকজন। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হওয়ার পর তাকে ওই হাসপাতালে নেয়ার প্রস্তুতি নেন। কিন্তু হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান। এরপর খবর পেয়ে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

তার ভাতিজা আশিক জানান, গত মঙ্গলবার তিনি তার মেয়ের বাড়ি কাহালু উপজেলার দুর্গাপুর থেকে বের হয়ে এসে নিখোঁজ ছিলেন। পরে গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে গোদারপাড়ায় তাকে ঘোরাঘোরি করতে দেখা যায়। এরপর ওইদিন রাতে তাকে ওই ডোবা থেকে উদ্ধার করা হলেও পরে মারা যান।

তার মৃত্যু নিয়ে তার পরিবারের কারোর অভিযোগ নেই। গতকাল তাকে দক্ষিণ গোদারপাড়ায় জানাজাশেষে দাফন করা হয়েছে। এ বাপারে সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী জানান, তার মৃত্যু নিয়ে তার স্বজনদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174855