পদ্মায় মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় চায়না দুয়ারি জাল ধ্বংস
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরের পদ্মা নদীতে মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ অভিযান চালিয়ে ১৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পদ্মা নদীতে একযোগে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর ।
মৎস্য অফিস জানায়, সম্প্রতি কিন্তু কিছু অসাধু মৎস্যজীবীরা নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে পদ্মানদীতে মাছ নিধন করছিলো। মাছের প্রাচুর্যতা রক্ষা ও মৎস্য সম্পদ উন্নয়নে দুপুরে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।
এসময় ১লাখ টাকা মূল্যের ১৫টি (৬০০ মিটার) নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আবীর হোসেন। পরে জব্দ করা চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে লালপুর উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় রাণী সরকার, লালপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আবীর হোসেন বলেন, আমাদের দেশের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষার্থে ক্ষতিকর এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174848