‘জায়েদ খান ও তার ডিগবাজি মিস করি’, ভোট দিতে এসে জয়

‘জায়েদ খান ও তার ডিগবাজি মিস করি’, ভোট দিতে এসে জয়

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে ভোট দিতে এসে আলোচিত চিত্রনায়ক জায়েদ খানকে নিয়ে রসিক মন্তব্য করেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। তার ভাষায়, নির্বাচনের আমেজে সবচেয়ে বেশি মিস করছেন জায়েদ খানকে এবং তার ‘ডিগবাজি’।

 

 

শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জয় বলেন, ‘জায়েদ খান একটা বিনোদনের নাম। জায়েদ খানের সবকিছু মিস করি।

 
নির্বাচনের সময় ওকে মিস করি, ডিগবাজিও মিস করি। আসলে জায়েদ খানের সবকিছুই সবাই মিস করি।’

জয়ের এই মন্তব্যে উপস্থিত শিল্পী, সাংবাদিক ও ভোটারদের মধ্যে হাসির রোল পড়ে যায়। মুহূর্তেই বিষয়টি ভোটকেন্দ্রের আলোচনার অন্যতম অনুষঙ্গে পরিণত হয়।

 

উল্লেখ্য, টানা কয়েকটি মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সবচেয়ে আলোচিত মুখ ছিলেন জায়েদ খান। নির্বাচনকে ঘিরে তার বিভিন্ন বক্তব্য, প্রচারণা, অভিনব উপস্থিতি এবং বিশেষ করে ‘ডিগবাজি’ সামাজিকমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছিল। তবে এবার তিনি নির্বাচনে অংশ না নেওয়ায় ভোটকেন্দ্রে অনেকের আলোচনায় উঠে আসে তার অনুপস্থিতির বিষয়টি।

এদিকে শুক্রবার সকাল থেকে বিএফডিসিতে শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও কারিগরি কারণে তা শুরু হয় সকাল সাড়ে ৯টায়। ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এবারের নির্বাচনে ৫৭৩ জন ভোটার আগামী দুই বছরের জন্য শিল্পী সমিতির নতুন নেতৃত্ব নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন।

নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি প্যানেলে সভাপতি পদে রয়েছেন মকবুল হোসেন আরমান এবং সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলে সভাপতি পদে লড়ছেন শিবা সানু, আর সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জয় চৌধুরী।

এ ছাড়া বিভিন্ন পদে একাধিক স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১১টি কার্যনির্বাহী পরিষদ সদস্য পদের বিপরীতে দুই প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু। তার সঙ্গে রয়েছেন রয়েছেন খোরশেদ আলম খসরু ও বি এইচ নিশান।  

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174841