ব্রাজিল-আর্জেন্টিনার খেলা বড় স্ক্রিনে দেখার স্থানে নজরদারি করবে ডিবি
ফুটবল বিশ্বকাপ খেলার জয়-পরাজয় নিয়ে সমর্থকদের উত্তেজনা এক পর্যায়ে প্রাণঘাতী সংঘর্ষে রূপ নিচ্ছে। অনাকাঙ্ক্ষিত হত্যা বা হতাহত এড়াতে রাজধানীর পাড়া-মহল্লা বা বিভিন্ন জায়গায় বড় স্ক্রিনে খেলা দেখার স্থানগুলো বিশেষ নজরদারি করবে থানা-পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
রাজধানীর আদাবরে ব্রাজিলের খেলা দেখা ও সমর্থকদের সংঘর্ষের জেরে বিএনপি নেতা মো. আবুল বাশার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের পর শুক্রবার (৩ জুলাই) এক বিফ্রিংয়ে এ তথ্য জানান, ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে বড় বড় স্ক্রিনে খেলা দেখা হয়। এটা আমরা নজরদারি করছি। ডিএমপির সব থানাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। কোথায় কোথায় এরকম স্ক্রিন আছে তাদের সঙ্গে যোগাযোগ করে তারাও লোক রাখবে, আমরাও লোক রাখবো। যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
নগরবাসীর প্রতি অনুরোধ করে ডিএমপির ডিবি প্রধান বলেন, আনন্দটা যেন আনন্দ পর্যায়ে থাকে। কোনো বিষাদে পরিণত না হয়। আর আমরা পরস্পরের প্রতি সহনশীল হব। আমরা যেটা বলি যে, অপোজিট পক্ষকে আমরা মেনে নেব। মেনে নেব, খেলায় হার-জিত থাকবে। আমরা আনন্দ করব, তবে অপরকেও তার সুযোগ দিতে হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174831