নাটোরে বিকাশের টাকা আত্মসাৎ করে সাজালেন ছিনতাইয়ের নাটক

নাটোরে বিকাশের টাকা আত্মসাৎ করে সাজালেন ছিনতাইয়ের নাটক

নাটোর প্রতিনিধি: নাটোরে বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজের সাড়ে ৩ লাখ টাকা আত্মসাতের পর ছিনতাইয়ের নাটক সাজানোর অভিযোগে মো. স্বাধীন হোসেন(২২) নামে এক ডিস্ট্রিবিউশন সেলস অফিসারকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে স্টেশন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ১ জুলাই বিভিন্ন এজেন্ট পয়েন্টে লেনদেনের জন্য তাকে ২ লাখ টাকা ও বিকাশ হিসাবের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টাকার ব্যালেন্স দেওয়া হয়। পরে তিনি দাবি করেন, নাটোর সদর উপজেলার নারায়ণপাড়া এলাকায় অজ্ঞাত ব্যক্তিরা তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। তবে তদন্তে ঘটনাস্থল ও বিভিন্ন তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি।

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেন, জুয়া খেলায় টাকা হারিয়ে আত্মসাতের ঘটনা আড়াল করতে তিনি ছিনতাইয়ের মিথ্যা গল্প সাজিয়েছিলেন। এ ঘটনায় বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজের বিজনেস ম্যানেজারের দায়ের করা মামলায় গত ২ জুলাই রাতে স্টেশন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনসুর রহমান জানান, আত্মসাৎকৃত অর্থ উদ্ধারে এবং ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174828