ঘুষ ও পার্সেন্টেজ সংস্কৃতির কারণে উদ্যোক্তারা বিদেশমুখী হচ্ছেন: শফিকুর রহমান
আমলাতান্ত্রিক জটিলতা, ঘুষ এবং বিভিন্ন পর্যায়ে ‘পার্সেন্টেজ’ সংস্কৃতির কারণে দেশের অনেক সৎ ও যোগ্য উদ্যোক্তা বাংলাদেশে বিনিয়োগ না করে বিদেশমুখী হচ্ছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
আজ শুক্রবার (৩ জুলাই) সকালে নেত্রকোণা জেলা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, আমলাতান্ত্রিক জটিলতা ও ঘুষের কারণে ভালো মানুষ দেশে বিনিয়োগ করতে চান না। বিভিন্ন ক্ষেত্রে পার্সেন্টেজের সংস্কৃতি চালু থাকায় অনেক উদ্যোক্তা বাধ্য হয়ে দেশের পরিবর্তে বিদেশে বিনিয়োগ করছেন। এই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, দেশে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। বিনিয়োগকারীদের হয়রানিমুক্ত পরিবেশ সৃষ্টি করা গেলে দেশীয় ও বিদেশি উভয় ধরনের বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
মতবিনিময় সভায় নেত্রকোণার সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ নিয়েও কথা বলেন জামায়াত আমীর। তিনি বলেন, জেলার বিজয়পুরের চিনামাটির পাহাড়, দুর্গাপুর অঞ্চলের বালুসহ অন্যান্য প্রাকৃতিক সম্পদ যথাযথ পরিকল্পনা ও পরিবেশগত ভারসাম্য রক্ষা করে কাজে লাগানো গেলে এ অঞ্চলে শিল্পায়নের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। এসব সম্পদকে কেন্দ্র করে শিল্প প্রতিষ্ঠা, কর্মসংস্থান বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এ ছাড়া নেত্রকোণার পাহাড়, নদ-নদী, পর্যটন সম্ভাবনা এবং তথ্যপ্রযুক্তিনির্ভর উন্নয়ন নিয়েও তিনি নিজের ভাবনা তুলে ধরেন। জেলার প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের পাশাপাশি পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার আমীর মাওলানা ছাদেক আহমাদ হারিছ। সভা পরিচালনা করেন জেলা সহকারী সেক্রেটারি ও জেলা প্রচার-মিডিয়া সম্পাদক জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সাহাবুদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া।
এ ছাড়া উপস্থিত ছিলেন নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার নায়েবে আমীর মাহবুবুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নেত্রকোণা জেলা শাখার সভাপতি কামাল উদ্দিন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা পৌরসভার নায়েবে আমীর আবুল হোসেন তালুকদারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
মতবিনিময় সভা শেষে শফিকুর রহমান নেত্রকোণা পাবলিক হলে অনুষ্ঠিত জেলা জামায়াতে ইসলামীর ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সম্মেলনে কেন্দ্রীয় নেতা, জেলা, উপজেলা ও বিভিন্ন পর্যায়ের রুকন এবং দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174804