মেয়রের মাতৃত্বকালীন ছুটি নিয়ে দেশজুড়ে বিতর্ক
আন্তর্জাতিক ডেস্ক : জাপানের পশ্চিমাঞ্চলের একটি ছোট শহরের মেয়র মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার ঘোষণা দেওয়ার পর দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। বিষয়টি জাপানে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাতৃত্বকালীন ছুটি এবং নারীদের রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
৩৫ বছর বয়সী শোকো কাওয়াতা (যিনি কিয়োটোর দক্ষিণে অবস্থিত ইয়াওয়াতা শহরের মেয়র) জানান, তিনি সেপ্টেম্বরের মাঝামাঝি সন্তান জন্ম দেওয়ার সম্ভাব্য সময়কে সামনে রেখে প্রসবের আগে দুই মাস এবং পরে দুই মাস দায়িত্ব থেকে বিরতি নেবেন।
তবে জাপানে স্থানীয়ভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের জন্য মাতৃত্বকালীন ছুটির কোনো আইনি বিধান না থাকায় তিনি আনুষ্ঠানিকভাবে ছুটি নিচ্ছেন না। তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন ডেপুটি মেয়র শিগেতো নোসে।
মে মাসে সংবাদ সম্মেলনে পরিকল্পনার কথা জানানোর পর সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই বলেন, সন্তান জন্ম দেওয়া ও পরিবারকে সময় দেওয়ার অধিকার একজন জনপ্রতিনিধিরও রয়েছে। আবার কেউ কেউ মনে করেন, কাওয়াতা অন্য নারীদের রাজনীতিতে আসতে উৎসাহিত করার মতো একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তবে সমালোচকদের দাবি, জনপ্রতিনিধির দায়িত্ব ছেড়ে দীর্ঘ সময়ের জন্য দূরে থাকা দায়িত্বজ্ঞানহীন। কেউ কেউ মন্তব্য করেছেন, সন্তান নেওয়ার পরিকল্পনা থাকলে মেয়র হওয়ার আগেই তা করা উচিত ছিল। আবার অনেকে মাতৃত্বকালীন সময়ে তার বেতন কমানোরও দাবি তুলেছেন।
এসব সমালোচনায় বিচলিত নন কাওয়াতা। তিনি বলেন, তিনি নিজের কাজ ভালোবাসেন এবং এখনই পরিবার গঠনের উপযুক্ত সময় বলে মনে করেন।
তার ভাষায়, মাতৃত্বকালীন ছুটির জন্য যদি নারী রাজনীতিকদের সমালোচনা করা হয়, তাহলে কার্যত সন্তান জন্ম দেওয়ার সক্ষমতা থাকা ২০ থেকে ৪০ বছর বয়সী সব নারীকেই জনপদ পরিচালনার দায়িত্ব থেকে দূরে ঠেলে দেওয়া হবে।
সূত্র: বিবিসি
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174788