পাকিস্তানের বেলুচিস্তানে খাদে যাত্রীবাহী বাস, নিহত অন্তত ৪০

পাকিস্তানের বেলুচিস্তানে খাদে যাত্রীবাহী বাস, নিহত অন্তত ৪০
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।
 
আজ শুক্রবার (৩ জুন) বেলুচিস্তানের শেরানি জেলার ধানাসার এলাকা অতিক্রম করে খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান সীমান্তে প্রবেশের পর পেশোয়ারগামী বাসটি গভীর খাদে পড়ে যায়।
 
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর গণমাধ্যম ও রাজনৈতিকবিষয়ক সহকারী শাহিদ রিন্দ এক বিবৃতিতে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী দুর্ঘটনায় অন্তত ৪০ জন নিহত এবং আটজন আহত হয়েছেন।
 
তিনি বলেন, মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির নির্দেশে দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া—উভয় প্রদেশের জেলা প্রশাসন, উদ্ধারকারী সংস্থা এবং সংশ্লিষ্ট বিভাগগুলো উদ্ধারকাজ ও ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে।
 
বিবৃতিতে আরও বলা হয়, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত করা হবে।
 
শেরানির ডেপুটি কমিশনার ওয়ালি খান কাকার বরাতে প্রতিবেদনে বলা হয়, বাসটি কোয়েটা থেকে ৩৬ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল। তবে পথে বিকল হয়ে যাওয়া আরেকটি বাসের কয়েকজন যাত্রীও এতে উঠে পড়েন।
 
অন্যদিকে, খাইবার পাখতুনখোয়া রেসকিউ ১১২২-এর এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৪৮ জন যাত্রী ছিলেন।
 
দুর্ঘটনার খবর পেয়ে জরুরি সেবা বিভাগ ও রেসকিউ ১১২২-এর দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
 
আহত আটজনকে ঝোব জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ প্রথমে নিকটবর্তী একটি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হলেও পরে সেগুলো ঝোব জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
 
কর্তৃপক্ষ বরাতে জানানো হয়, উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174786