নরওয়ের বিপক্ষে ম্যাচ থেকেও ছিটকে গেলেন রাফিনহা
স্পোর্টস ডেস্ক : রাফিনহার ফেরার সময়টা আরো দীর্ঘ হতে চললো। ব্রাজিল জাতীয় দলের তারকা ফরোয়ার্ড রাফিনহা আগামী রোববার নিউ জার্সিতে নরওয়ের বিপক্ষে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে খেলতে পারবেন না।
বাঁচা-মরার এই ম্যাচে তাকে পাওয়ার আশা থাকলেও ব্রাজিল দলের মেডিকেল বিভাগ এখন তাকে সম্ভাব্য কোয়ার্টার ফাইনালের জন্য প্রস্তুত করার লক্ষ্য নিয়ে কাজ করছে।
বার্সেলোনার এই আক্রমণভাগের খেলোয়াড় মাঠে অনুশীলন করলেও তিনি দলের বাকি সদস্যদের সঙ্গে মূল সেশনে অংশ নেননি। আলাদাভাবে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট কাজ করার পর তিনি অনুশীলন মাঠ ছেড়ে যান।
সপ্তাহের শুরুতে রাফিনহা পেশি শক্তিশালী করার বিশেষ অনুশীলন করেন এবং ধীরে ধীরে পূর্ণাঙ্গ ট্রেনিংয়ে ফেরার প্রক্রিয়া শুরু করেন। নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে তাকে পাওয়ার সম্ভাবনা নিয়ে আশাবাদ ছিল ব্রাজিল শিবিরে। তবে বৃহস্পতিবারের মূল্যায়নে নিশ্চিত হওয়া যায় যে তিনি এই ম্যাচের জন্য প্রস্তুত নন।
২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে ব্রাজিলের ৩-০ গোলের জয়ে খেলতে গিয়ে ডান উরুর পেছনের অংশের হ্যামস্ট্রিংয়ে চোট পান রাফিনহা। সেই চোট থেকেই এখনও পুরোপুরি সেরে ওঠেননি তিনি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174770