বগুড়ায় পরীক্ষার হলে এইচএসসি পরীক্ষার্থী অসুস্থ হাসপাতালে ভর্তি
স্টাফ রিপোর্টার : বগুড়ায় এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই পরীক্ষা চলাকালীন হলের ভেতরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন শামীমা আরা নামে এক পরীক্ষার্থী। গতকাল বুধবার বগুড়া সরকারি আজিজুল হক কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। অসুস্থ শামীমা বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
কেন্দ্র ও কলেজ সূত্রে জানা গেছে, পরীক্ষা শুরু হওয়ার প্রায় দুই ঘণ্টা পর শামীমা হঠাৎ অসুস্থতা বোধ করেন। অসুস্থ অবস্থায় তাকে নিজ সিটেই বসে থাকতে দেখে কক্ষে দায়িত্বরত শিক্ষকের নজরে আসে। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি কেন্দ্র সচিবকে অবহিত করেন। কেন্দ্র সচিবের নির্দেশে কেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক দ্রুত ওই কক্ষে এসে পরীক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেন। প্রাথমিক চিকিৎসার পরও তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এই বিষয়ে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের কেন্দ্র সচিব এবং অধ্যক্ষ অধ্যাপক মাহ্ফুজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ওই পরীক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত তার চিকিৎসার ব্যবস্থাসহ পরিবারকে খবর দেই।
বর্তমানে মেয়েটি চিকিৎসাধীন রয়েছে। সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. বেল্লাল হোসাইনের সঙ্গে যোগাযোগ করলে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, অনেক সময় নারী শিক্ষার্থীরা অপুষ্টিজনিত দুর্বলতার কারণে অসুস্থ হয়ে পড়ে। আশা করছি মেয়েটি দ্রুত সুস্থ হয়ে পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করবেন ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174746