নন্দীগ্রামে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার সুপার গ্রেফতার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ২৬ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গছাইল হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট বাকি বিল্লাহ (৪৮) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বুধবার রাতে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি বিজরুল গ্রামে মাওলানা আব্দুল আজিজের ছেলে এবং গছাইল হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট হিসেবে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত বাকি বিল্লাহ ভুক্তভোগী শারীরিক প্রতিবন্ধী তরুণীর চাচাতো দুলাভাই। মাদ্রাসাটি ভুক্তভোগীর বাড়ির পাশে হওয়ায় তিনি নিয়মিত সেখানে যাতায়াত করতেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের ২১ জানুয়ারি বিকেল আনুমানিক ৫টার দিকে বাড়িতে একা থাকা অবস্থায় ওই তরুণীকে অভিযুক্ত ধর্ষণ করেন। পরে তরুণী অন্ত:সত্ত্বা হয়ে পড়েন।
এরপর গত ৬ জুন পরিবারের সদস্যরা তাকে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করালে চিকিৎসকের প্রতিবেদনে তিনি প্রায় ১৪ সপ্তাহের অন্ত:সত্ত্বা বলে জানা যায়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে বগুড়ার আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মামলাটি নন্দীগ্রাম থানায় রুজু হয়। এর পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার নন্দীগ্রাম থানা থেকে তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174734