অস্ট্রিয়ার বিপক্ষে ইয়ামালকে নিয়ে সুখবর
স্পোর্টস ডেস্ক : চোটের কারণে স্পেনের হয়ে বিশ্বকাপে লামিনে ইয়ামালকে পাওয়া নিয়ে খানিকটা শঙ্কা ছিল। শেষ পর্যন্ত তিনি বিশ্বকাপ দলে থাকলেও এখন পর্যন্ত খেলেননি পুরো ম্যাচে। তবে এবার স্পেন ফুটবল ভক্তদের জন্য সুখবর দিয়েছে দেশটির কোচ কোচ লুইস দে লা ফুয়েন্তে।
তিনি জানিয়েছেন, ইয়ামাল এখন ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত আছেন। হ্যামস্ট্রিং চোট থেকে ১৮ বছর বয়সী বার্সেলোনা উইঙ্গারের পুনর্বাসন প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ হয়েছে। বৃহস্পতিবার শেষ ৩২-এর ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ইয়ামালকে পুরো সময় খেলানোর মতো অবস্থায় রয়েছে দল। লুইস দে লা ফুয়েন্তে বলেন, ‘আমরা তাকে নিয়ে খুব সতর্ক ছিলাম। সব খেলোয়াড়ের মতোই তার পুনরুদ্ধারের সময়কে সম্মান করেছি। এখন লামিনে খুব ভালো অবস্থায় আছে। সবচেয়ে বড় বিষয় হলো, সে খেলতে মুখিয়ে আছে।’ এরপর হাসতে হাসতে যোগ করেন, ‘কাল সে খেলবে কি না, সেটা দেখা যাবে।’
এপ্রিলের শেষ দিকে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ার পর থেকেই ইয়ামালের খেলার সময় সীমিত রেখেছিল স্পেন। গ্রুপ পর্বে তিন ম্যাচে মাত্র ১৪১ মিনিট খেলেছেন তিনি এবং করেছেন একটি গোল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে বদলি হিসেবে নামার পর সৌদি আরবের বিপক্ষে প্রথম একাদশে সুযোগ পেয়ে বিশ্বকাপে নিজের প্রথম গোল করেন। এরপর উরুগুয়ের বিপক্ষে খেলেন ৭৬ মিনিট।
উল্লেখ্য, ২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর আর কোনো নকআউট ম্যাচ জিততে পারেনি স্পেন। তবে এবার গ্রুপ পর্বে টানা তিনটি ক্লিন শিট রেখে শেষ ষোলো নিশ্চিত করেছে লা রোহা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174716