নীলফামারীতে হত্যা মামলার পলাতক আসামি গাজীপুরে গ্রেফতার

নীলফামারীতে হত্যা মামলার পলাতক আসামি গাজীপুরে গ্রেফতার

রংপুর প্রতিনিধি: গলা কেটে হত্যা মামলার পলাতক এক আসামিকে প্রায় তিন মাস পর গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ রংপুর সদর দপ্তরের সদস্যরা। গ্রেফতারকৃত স্বপন ইসলাম(৩৮) হত্যা মামলার ৪নং এজাহারভুক্ত আসামি। পরকীয়া জনিত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

র‌্যাব-১৩ সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের কিসামত দোগাছি গ্রামে পরকীয়া সংক্রান্ত বিরোধের জেরে মতিউল ইসলাম(৪৫) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়। নিহত মতিউল ইসলাম একই এলাকার হামিদ হোসেনের ছেলে এবং তিনি তিন মেয়ে ও এক ছেলের জনক ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, একই এলাকার একরামুল হকের স্ত্রী সাহেরা বানুর সাথে নিহত মতিউল ইসলামের পরকীয়া সম্পর্ক ছিল। একপর্যায়ে মতিউল সাহেরা বানুকে ঢাকায় নিয়ে বিয়ে করেন। পরবর্তীতে সাহেরা বানু তাকে তালাক দিয়ে পুনরায় তার প্রথম স্বামীর কাছে ফিরে যান। এরপর থেকে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন বিরোধ ও উত্তেজনা বিরাজ করছিল।

এই নিয়ে গত ২ এপ্রিল রাত ১১টায় স্থানীয় একটি চায়ের দোকানে সাহেরা বানুর ছেলে আলামিন ইসলামের সাথে মতিউল ইসলামের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আলামিন তার হাতে থাকা তামাক কাটার ধারালো কাস্তে দিয়ে মতিউল ইসলামের গলায় আঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মতিউল ইসলামের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী নারজিনা বেগম বাদি হয়ে পরদিন নীলফামারী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই মামলার প্রধান আসামিরা আত্মগোপনে চলে যায়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174651