মাদারীপুরে নকল সিগারেট জব্দ, কাভার্ড ভ্যানসহ আটক ৩
মাদারীপুরে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যের নকল সিগারেট জব্দ করেছে পুলিশ। এ সময় একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয় এবং এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
আজ বুধবার (১ জুলাই) বিকেলে মাদারীপুর সদর মডেল থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা।
এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগের কর্মকর্তারা এবং মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বুধবার ভোররাত আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের মোবারকদি গ্রামে অভিযান পরিচালনা করে সদর থানার মোবাইল টিম। অভিযানের সময় একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালিয়ে ১১০ কার্টনে সংরক্ষিত প্রায় ১১ লাখ শলাকা বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া নকল সিগারেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৬ লাখ টাকা। এছাড়া এসব সিগারেটের মাধ্যমে সরকারকে প্রায় ৫৪ লাখ টাকার রাজস্ব (ভ্যাট ও শুল্ক) ফাঁকি দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। ফলে জব্দকৃত পণ্যের মূল্য এবং সম্ভাব্য রাজস্ব ফাঁকি মিলিয়ে মোট আর্থিক পরিমাণ দাঁড়ায় প্রায় ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা।
অভিযানে একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয় এবং তিনজনকে আটক করা হয়েছে। অভিযান পরিচালনা করেন সদর মডেল থানার এসআই জিয়ারুল, এএসআই মনোয়ারসহ মোবাইল টিমের সদস্যরা।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174625