বগুড়া মহানগরে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান
শহর প্রতিনিধি (বগুড়া) : আজ বুধবার (১ জুলাই) বগুড়া জিলা স্কুল থেকে জজকোর্টের সামনের সড়ক পর্যন্ত সিটি কর্পোরেশনের সচিব ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মোছা: পপি খাতুন উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। খোঁজ নিয়ে জানা যায়, দুপুর সাড়ে বারোটা থেকে ২-৩০ মিনিট পর্যন্ত সাতমাথার জুলাই স্মৃতি স্তম্ভ, ওই এলাকার শিক্ষার্থী-যাত্রী ছাউনী, জিলা স্কুলের গেইট, পাবলিক টয়লেট, প্রধান ডাকঘর, শহীদ খোকন পার্ক, সার্কিট হাউজ হয়ে জজকোর্ট পর্যন্ত সড়কের দুই পাশের ভ্রাম্যমাণ দোকানগুলোকে এই অভিযানে উচ্ছেদ করা হয়।
তবে বেলা তিনটায় আবারও সড়কে অবস্থান নেয় হকার ও ছিন্নমুল দোকানী, তৈরী কাপড় বিক্রয়ের ভ্যানগাড়ী, ফুচকা চটপটির ট্রলি দোকান, মাঠার ভ্যান, ওজন মাপার যন্ত্র, আখের রস তৈরীর ভ্যানসহ হরেক রকমের দোকান সহ বিক্রেতাদের অবস্থান নিতে দেখা যায় । কাঁচা মরিচ, করলা, লাউ, ডাটা শাক, আদা-রশুন, কচু শাক, কলা, ভেষজ ঔষধির বালতিসহ নানা সবজি ও ফলের দোকানীদের অভিযানের পরপরই আবারও সড়কে অবস্থান নিতে দেখা যায়।
বগুড়া মহানগরের অন্যতম ব্যস্ত সড়কে সার্কিট হাউজ, প্রধান ডাকঘর, জিলা-ভিএম স্কুল এবং আদালত চত্ত্বর হওয়ায় জনসাধারণের চলাচলে মুখর থাকে সবসময়। এই পথের দুধারের ফুটপাথে চলাচলকারী তিনের অধিক পথচারীর সাথে কথা বলে জানা যায়, হকার আর এসব ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদে সিটি কর্পোরেশন, ট্রাফিক বিভাগ কিছুদিন পরপরই অভিযান পরিচালনা করলেও কিছু সময় পর আবারও স্বরূপে ফেরেন তারা।
পথচারীদের অভিযোগ ও উচ্ছেদ অভিযানের বিষয়ে জানতে চাইলে বগুড়া সিটি কর্পোরেশনের বাজার পরিদর্শক মো: আব্দুল হাই বলেন, আজকের উচ্ছেদ অভিযানে ১টি কাবাবের ভ্যান ও যন্ত্র, ২টি ওজন মাপার যন্ত্র, সবজি করলা ও ফল কাটার ২৬টি ছোট-বড় চাকু, ২০টি নেইল কাটার ও একটি বাক্স জব্দ করা হয়েছে। অভিযানের আগে পরে দোকানীদের লুকোচুরির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সিটি কর্পোরেশন হওয়ার পর আমরা নিয়মিতই মহানগরের বিভিন্ন সড়কের ব্যস্ততম ও জনগুরুত্বপূর্ণ পয়েন্টে উচ্ছেদ অভিযান পরিচালনা করে আসছি।
সেখান থেকে মালামাল জব্দ,জরিমানা সহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লঘু শাস্তিরও ব্যবস্থা করা হয়েছে তারপরও তারা আবারও সড়কের ওপর -ফুটপাতে অবস্থান নেন। সম্প্রতি এই লুকোচুরি ঠেকাতে ও পুন:রায় সড়কে বসা ঠেকাতে ৫০ জন স্বেচ্ছাসেবক ইতিমধ্যেই নিয়োগ দেওয়া হয়েছে। তারা সড়কে কাজ শুরু করলে এই অবৈধ দোকানপাট আর সড়কে বসতে পারবেনা বলে আশা করছি। আজ বিকেলে আবারও অভিযান পরিচালনা করার পরিকল্পনা রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174622