১৭ কোটির বাজেটের ‘ডিয়ার ইউ’ গড়লো ৩ হাজার কোটির ইতিহাস
বিনোদন ডেস্কঃ স্বল্প বাজেটের একটি পারিবারিক সিনেমাও যে বিশ্বজুড়ে আলোড়ন তুলতে পারে, তারই নতুন উদাহরণ চীনের ‘ডিয়ার ইউ’। মাত্র ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত ছবিটি ইতোমধ্যে ৩ হাজার কোটিরও বেশি আয় করে বক্স অফিসে বিস্ময় সৃষ্টি করেছে। আবেগঘন গল্প, শক্তিশালী অভিনয় এবং নস্টালজিয়ায় ভরপুর নির্মাণশৈলী দর্শকদের হৃদয় জয় করেছে দেশ-বিদেশে।
চীনের চলচ্চিত্র ‘ডিয়ার ইউ’ চলতি বছরের সবচেয়ে বড় চমকগুলোর একটি হয়ে উঠেছে। সীমিত বাজেটে নির্মিত এই পারিবারিক নাটক মুক্তির পর থেকেই দর্শকদের ব্যাপক সাড়া পাচ্ছে। বক্স অফিসে এর আয় ইতোমধ্যে ছাড়িয়েছে ২৪ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার কোটিরও বেশি। পরিচালক হংচুন লানের নির্মাণে ছবিটিতে অভিনয় করেছেন সিটং লি, ইয়ানটং ওয়াং ও শাওকিং উ। তুলনামূলক কম বাজেটের হলেও গল্পের গভীরতা ও আবেগঘন উপস্থাপনা খুব অল্প সময়েই দর্শকদের মন জয় করেছে। ছবির গল্প আবর্তিত হয়েছে প্রত্যন্ত অঞ্চলের এক বৃদ্ধা ইয়ে শুরোউকে ঘিরে। ঋণের বোঝায় জর্জরিত তার নাতি এক রহস্যময় বিলিয়নিয়ার দাদার খোঁজে থাইল্যান্ডে পাড়ি দেয়। সেই অনুসন্ধানের মধ্য দিয়ে ধীরে ধীরে উন্মোচিত হয় অর্ধশতাব্দী ধরে লুকিয়ে থাকা এক প্রেমের গল্প এবং এমন এক মানুষের পরিচয়, যার উদ্দেশে বছরের পর বছর চিঠি লিখে গেছেন ইয়ে শুরোউ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174608