মেসিকে আটকাতে যে পরিকল্পনা করছে কেপ ভার্দে

মেসিকে আটকাতে যে পরিকল্পনা করছে কেপ ভার্দে

স্পোর্টস ডেস্ক : স্পেন ও উরুগুয়ের বিপক্ষে ড্র করার পর বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে চমকে দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে কেপ ভার্দে। তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসিকে থামানো। তবে দলের সহকারী কোচের মতে, এই পরিকল্পনা শুধু মেসিকে ঘিরে নয়।

দলের প্রধান কোচ বুবিস্তার সহকারী হামবের্তো বেত্তেনকোর্ত মনে করেন, মেসির ওপর আলাদা নজরদারি করার চেয়ে আর্জেন্টিনা যেভাবে তাকে মাঠে ফাঁকা জায়গা তৈরি করে দেয়, সেই কৌশলগুলো নষ্ট করাই বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমরা মেসিকে অবশ্যই একজন অসাধারণ খেলোয়াড় হিসেবে দেখি, কিন্তু আমরা সবসময় পুরো দলকে বিবেচনা করি। তিনি আরও বলেন, আর্জেন্টিনার খেলোয়াড়দের পারস্পরিক সমন্বয়ই এমন পরিস্থিতি তৈরি করে, যেখানে শেষ পর্যন্ত মেসি ফাঁকা জায়গা পেয়ে যায়। আমরা সবসময় দলগত দিকেই গুরুত্ব দিই, কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে আলাদা করে নয়।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করে আলোচনায় আসে কেপ ভার্দে। এরপর উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করে তারা আরও একটি চমক দেখায়। শেষ গ্রুপ ম্যাচে সৌদি আরবের সঙ্গেও গোলশূন্য ড্র করে তিনটি ড্র নিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা নিশ্চিত করে আফ্রিকার দলটি।

হামবের্তো বেত্তেনকোর্ত অবশ্য ম্যাচের নির্দিষ্ট কৌশল নিয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে তিনি স্পষ্ট করেছেন, প্রতিপক্ষ যেই হোক না কেন, কেপ ভার্দে নিজেদের খেলার স্বকীয়তা থেকে সরে আসবে না তিনি বলেন, প্রতিপক্ষের ওপর নির্ভর করে আমরা আমাদের খেলার ধরন বা পরিচয় খুব বেশি বদলাব না। তবে প্রতিটি নির্দিষ্ট ম্যাচের জন্য প্রস্তুতির অংশ হিসেবে কৌশলগত কিছু বিষয় অবশ্যই সমন্বয় করা হবে।

আফ্রিকার এই দল এবারই প্রথম বিশ্বকাপে খেলছে। তিনটি ড্র করে নকআউট পর্বে ওঠা কেপ ভার্দে এখন টুর্নামেন্টে নিজেদের প্রথম জয়ের লক্ষ্য নিয়ে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। ম্যাচটি আগামী শুক্রবার মিয়ামিতে অনুষ্ঠিত হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174606