কুমিল্লায় ভারতীয় সীমান্ত থেকে নারীর মরদেহ উদ্ধার

কুমিল্লায় ভারতীয় সীমান্ত থেকে নারীর মরদেহ উদ্ধার

মফস্বল ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী এলাকার আদর্শগ্রাম-সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্তের নো-ম্যান্স ল্যান্ড থেকে রোকেয়া বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) রাত আনুমানিক ১০টার দিকে সীমান্ত এলাকার স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রোকেয়া বেগম জগন্নাথদিঘির গুচ্চগ্রামের মৃত আলী আশরাফের স্ত্রী। তিনি ভিক্ষাবৃত্তি করতেন। রাতে সীমান্তবর্তী নো-ম্যান্স ল্যান্ডে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেন। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। রোকেয়া বেগমের পরিচয় নিশ্চিত করা গেলেও তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। এটি হত্যা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

বিজিবির জগন্নাথদিঘী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোরশেদ জানান, খবর পেয়ে ১৪১৩ নম্বর সীমান্ত পিলারের কাছে পড়ে থাকা নারীর মরদেহের বিষয়ে চৌদ্দগ্রাম থানাকে অবহিত করা হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174534