সম্পত্তি বিরোধে বাবা ও সৎভাইকে হত্যা : দুই ভাই গ্রেফতার
রংপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাবা ও সৎভাইকে হত্যার ঘটনায় পলাতক দুই ভাইকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলো-সাদেকুল ইসলাম (৩০) ও সাকিব (১৯)।
আজ মঙ্গলবার (৩০ জুন) র্যাব-১৩- এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চিরিরবন্দর উপজেলার উত্তর পলাশবাড়ী টেপাপাড়া গ্রামের শহিদুল হক দুলুর পরিবারে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। গত ১৩ মে সকালে বাড়ির পাশের জমিতে ভুট্টা তোলাকে কেন্দ্র করে শহিদুল হক দুলুর সঙ্গে তার দ্বিতীয় স্ত্রীর ছেলে সাদেকুল ইসলামের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সাদেকুল বল্লম দিয়ে বাবাকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় বাবাকে রক্ষা করতে এগিয়ে এলে সৎভাই কাবিলকেও ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহতের ছেলে হাবিবুর রহমান ওরফে হাবিল চিরিরবন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে ছিলেন।
র্যাব জানায়, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে র্যাব-১৩ ও র্যাব-৭ এর যৌথ অভিযানে সোমবার ২৯ জুন চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকা থেকে পৃথক অভিযানে সাদেকুল ও সাকিবকে গ্রেফতার করা হয়। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, এ মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174447