যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই ইরান মানবে : পেজেশকিয়ান
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো চুক্তি হতে হবে পারস্পরিক সম্মান ও সমান প্রতিশ্রুতির ভিত্তিতে। যুক্তরাষ্ট্র চুক্তি মেনে চললে ইরানও তার সব প্রতিশ্রুতি পূরণ করবে।
সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, পারস্পরিক বোঝাপড়া একমুখী নয়। আমেরিকান পক্ষ যদি চুক্তি মেনে চলে, আমরাও আমাদের প্রতিশ্রুতি পালন করব। তিনি আরও বলেন, অযৌক্তিক হুমকি ও চাপের মুখে ইরানের অবস্থান হবে যুক্তিবোধ, মানবিক মর্যাদা এবং প্রয়োজন হলে দৃঢ়ভাবে আত্মরক্ষার নীতি অনুসরণ করা।
প্রেসিডেন্টের এই বক্তব্য এমন সময় এলো, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা কমাতে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় হওয়া একটি ১৪ দফা সমঝোতা স্মারক বাস্তবায়নের বিষয়ে কাজ চলছে।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, সমঝোতা স্মারকের গুরুত্বপূর্ণ শর্তগুলো পুরোপুরি বাস্তবায়িত হওয়ার পরই যুক্তরাষ্ট্রের সঙ্গে কারিগরি পর্যায়ের আলোচনা শুরু হবে। তিনি দোহায় শিগগিরই দুই দেশের প্রতিনিধিদের বৈঠক হওয়ার খবরও নাকচ করে বলেন, সমঝোতার শর্ত বাস্তবায়নে এখনও ইরান সন্তুষ্ট নয়। খবর : ইরানের প্রেসটিভি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174444