শেখ মুজিব হল নাম পরিবর্তন না করায় সিনেট অধিবেশন ওয়াকআউট ডাকসু নেতাদের

শেখ মুজিব হল নাম পরিবর্তন না করায় সিনেট অধিবেশন ওয়াকআউট ডাকসু নেতাদের

ঢাবি প্রতিনিধি : শেখ মুজিব ও শেখ পরিবারের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকা স্থাপনাগুলোর নাম পরিবর্তন না করায় সিনেট অধিবেশনে ওয়াকআউট করেছেন ডাকসু নেতারা। একইসঙ্গে শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ শরীফ ওসমান হাদি হল’ করার কোনো সিদ্ধান্ত না নেওয়ার কারণেও ক্ষোভ প্রকাশ করেছেন তারা। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, চলতি বছরের জানুয়ারিতে সিন্ডিকেট থেকে এ-সংক্রান্ত একটি প্রস্তাব সিনেটে পাঠানো হলেও তখন কোনো সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে সিনেট অধিবেশন থেকে ওয়াকআউট করেন সিনেট সদস্য ও ডাকসু ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদসহ ডাকসুর প্রতিনিধি দল।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বারবার অনুরোধ করলেও তা রাখেননি ছাত্র প্রতিনিধিরা। এর আগে সিনেট সদস্য ও সংসদ সদস্য ফজলুল হক মিলন বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে হল করার প্রস্তাব দেন। তিনি বলেন, ‘আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন।

তিনি এখানে মুসলিম সাহিত্য সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু দুঃখজনকভাবে এই বিশ্ববিদ্যালয়ে তাঁর স্মৃতিকে ধারণ করার মতো তেমন কোনো স্থায়ী নিদর্শন নেই। তাই আমি অনুরোধ করব, অন্তত আমাদের জাতীয় কবির নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আবাসিক হলের নামকরণ করা হোক।’ তবে বিষয়টি সিন্ডিকেটের অনুমোদনের জন্য আবারও পাঠানো হবে বলে জানা গেছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174414