পঞ্চগড়ে কাজী মৌসুমী ও যুব মহিলা লীগ নেত্রী নিলুফার কারাগারে
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান মুক্তার স্ত্রী, নিষিদ্ধ সংগঠন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য কাজী মৌসুমী এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও পঞ্চগড় যুব মহিলা লীগের সভাপতি নিলুফার ইয়াসমিনকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়েছে।
আজ সোমবার (২৯ জুন) দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ভারপ্রাপ্ত জেলা জজ মাহাবুব আলী মুয়াদ এই আদেশ দেন। এ সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা যায়, গত বছর নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়ায় নিজ বাসভবনে কেক কাটার আয়োজন করেন কাজী মৌসুমী।
এ ঘটনায় আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনার অভিযোগে গত ২১ জুলাই পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক মিয়া বাদি হয়ে ৪৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরবর্তীতে কাজী মৌসুমী উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন লাভ করেন। জামিনের মেয়াদ শেষে তিনি জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষের হয়ে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. মির্জা নাজমুল ইসলাম কাজল। অপরদিকে আসামিপক্ষের হয়ে শুনানিতে অংশ নেন এড. মির্জা সারওয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এ. হাসান প্রধানসহ একাধিক আইনজীবী।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174382