পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ২৭তম উন্মুক্ত বাজেট ঘোষণা
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ২৭তম উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (২৯ জুন) বেলা ১১টার দিকে পৌরসভার সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।
তিনি বলেন, পৌরসভার রাজস্ব খাতে প্রস্তাবিত আয় ধরা হয়েছে ৫ কোটি ৭৪ লাখ টাকা। পৌরসভার উন্নয়ন ও প্রকল্প খাতে প্রস্তাবিত আয় ধরা হয়েছে ১২ কোটি ৫০ লাখ টাকা। পৌরসভার রাজস্ব উন্নয়ন ও প্রকল্প খাতে সর্বমোট আয় ধরা হয়েছে ১৮ কোটি ২৪ লাখ টাকা।
পৌরসভার রাজস্ব খাতে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৩৮ লাখ ১৫ হাজার টাকা। পৌরসভার উন্নয়ন ও প্রকল্প খাতে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৫০ লাখ টাকা। পৌরসভার রাজস্ব, উন্নয়ন ও প্রকল্প খাতে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ১৭ কোটি ৮৮ লাখ ১৫ হাজার টাকা। পৌরসভার উন্নয়ন ও প্রকল্প খাতে সমাপনী স্থিতি দেখানো হয়েছে ৩৫ লাখ ৮৫ হাজার টাকা। পৌরসভার রাজস্ব খাতে সমাপনি স্থিতি দেখানো হয়েছে ০ (শূন্য) টাকা।
এসময় উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো. সাকিউল আযম, পৌর নির্বাহী কর্মকর্তা মো. মুনছুর আলম, পৌর নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেকেন্দার আলী, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মো. নাজমুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধিগণ।
বাজেটে পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন উন্নয়নমূলক কাজ, পৌরসভা আলোকিতকরণ, পৌর এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য মহল্লায় ডাস্টবিন স্থাপন, পৌর এলাকার উভয় বাজারের বিভিন্ন জায়গায় ওয়াটার ডিসপেনসারির মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থা এবং জনকল্যাণমূলক কাজকে অগ্রাধিকার দেয়া হয়েছে। অপরদিকে, প্রাতিষ্ঠানিক ব্যয়ভার কমিয়ে বাস্তবমুখী বাজেট প্রণয়ন করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174373