বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, যুবলীগের আহ্বায়কসহ ৪ জন কারাগারে
ঝালকাঠি জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনের মামলায় জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (২৯ জুন) দুপুর আড়াইটার দিকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, যুবলীগ নেতা মেহেদী হাসান মুন্না, শাহাজাদা পরাগ এবং রাজাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব রুবেলকে ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
এ সময় আদালত চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
আদালত সূত্রে জানা য়ায়, আওয়ামী লীগ সরকার পতনের পর ঝালকাঠি সদর থানায় ছাত্রদল নেতা সুমন মণ্ডল দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলায় আসামিদের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী বনি আমিন বাকলাই। শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ. এম. কবির আহমেদ জামিন আবেদন নামঞ্জুর করে চার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বুধবার (২৪ জুন) রাজধানীর পিজি হাসপাতাল এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের আটক করে। পরে তাদের বিরুদ্ধে ঢাকার নিউমার্কেট থানার একটি হত্যা মামলাসহ ঝালকাঠির একাধিক বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
শনিবার (২৭ জুন) সন্ধ্যায় চার আসামিকে ঢাকা থেকে ঝালকাঠিতে আনা হয়। আদালতের আদেশের পর সোমবার (২৯ জুন) বিকেলে তাদের ঝালকাঠি জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।