বিশ্বকাপের ‘নতুন ফরম্যাট’ পছন্দ নয় মরক্কোর কোচের

বিশ্বকাপের ‘নতুন ফরম্যাট’ পছন্দ নয় মরক্কোর কোচের

গ্রুপ পর্বে ব্রাজিলের বিপক্ষে দুর্দান্ত লড়াইয়ের পর মরক্কো আজ সোমবার মেক্সিকোর মন্টেরিতে শক্তিশালী নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে তাদের নকআউট পর্বের যাত্রা শুরু করতে যাচ্ছে।

রবিবার কোচ মোহাম্মদ ওয়াহবির সাথে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গোলরক্ষক বোনো এই ম্যাচটিকে ‘দুই পরাশক্তির লড়াই’ হিসেবে অভিহিত করেন। কোচ সবচেয়ে বেশি আলোচনা করেছেন গ্রুপ পর্ব-পরবর্তী প্রতিপক্ষ নির্ধারণের বিষয়টি নিয়েই।

ব্রাজিলের সমান ৭ পয়েন্ট পাওয়া সত্ত্বেও নেদারল্যান্ডসের মতো দলের মুখোমুখি হওয়াটা কতটা ন্যায্য, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, নিয়মগুলো আগে থেকেই জানা থাকায় এ নিয়ে অভিযোগ করার সুযোগ নেই। তবে বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ানোর ফলে তৈরি হওয়া নতুন ফরম্যাটটি নিয়ে তিনি কিছুটা খোঁচা দিতে ছাড়েননি।

তিনি বলেন, ‘অন্যায্য শব্দটি সঠিক কি না জানি না।কারণ এখন আর পিছু ফেরার উপায় নেই। এখানে আসার আগেই আমরা জানতাম কী পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তাই এখন অভিযোগ করে লাভ নেই। আমি কি মনে করি এটিই আদর্শ ফরম্যাট? হয়তো না। কিন্তু আমাদের কি কোনো বিকল্প আছে? না। আমি জানি অনেকে বিষয়টি বিশ্লেষণ করছেন এবং বিশ্বকাপের জন্য সেরা ফরম্যাটটি খোঁজার চেষ্টা করছেন। তবে অভিযোগ করাটা আমার কাজ নয়। কোনো বিষয়ে প্রশ্ন তোলার থাকলে তা প্রতিযোগিতার আগেই করা উচিত ছিল। কিন্তু বাস্তবতা এটাই।’

 

নিজের যুক্তি তুলে ধরতে গিয়ে ওয়াহবি স্কটল্যান্ডের উদাহরণ টানেন। দলটি প্রথম পর্বে তার দলের সাথেই ছিল এবং ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছিল। কিন্তু গোল পার্থক্যের কারণে তারা যে পরবর্তী ধাপে যেতে পারেনি, তা তারা জানতে পারে গত শনিবারই।

এ বিষয়ে তিনি বলেন, ‘স্কটল্যান্ডের কথা যদি ভাবি, তারা ২৪ তারিখে খেলেছিল এবং জানত না যে তৃতীয় দল হিসেবে তারা যোগ্যতা অর্জন করবে কি না। আর যারা (শনিবার) খেলেছে, তারা ঠিকই জানে কখন তারা টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে। তাই আমার মনে হয় ভবিষ্যতে কিছু বিষয় হয়তো সমন্বয় করা যেতে পারে। তবে এখনই কোনো জাদুকরী সমাধান আছে বলে আমি মনে করি না।’

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174356