গোপালগঞ্জে স্বামীর শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে বিষপানে গৃহবধূ আত্মহত্যা
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় স্বামীর শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে রোজিনা বেগম (৩০) নামে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
আজ রবিবার (২৮ জুন) দিবাগত রাতে উপজেলার কাশিয়ানী সদর ইউনিয়নের বাগঝাপা গ্রামে রোজিনা বেগমের দাফন সম্পন্ন হয়। এর আগে, শনিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রোজিনা বেগম উপজেলার কাশিয়ানী সদর ইউনিয়নের খায়েরহাট গ্রামের করিম শেখের স্ত্রী এবং পার্শ্ববর্তী বাগঝাপা গ্রামের মৃত সিরাজুল ইসলামের মেয়ে। তাদের দাম্পত্য জীবনে ১১ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
নিহতের ছোট বোন সোনিয়া বেগম জানান, ২০১১ সালে পারিবারিকভাবে করিম শেখের সঙ্গে রোজিনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ লেগেই ছিল। বিভিন্ন সময় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে করিম শেখ তার স্ত্রীর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন।
তার দাবি, গত শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় সংসারের বাজার করাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে করিম শেখ রোজিনাকে বেদম মারধর করেন। এতে ক্ষোভ ও অভিমানে রোজিনা বিষপান করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তার মৃত্যু হয়।
তবে অভিযুক্ত স্বামী করিম শেখ স্ত্রীর বিষপানের বিষয়টি স্বীকার করলেও মারধর বা শারীরিক নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘সংসারের বাজার করা নিয়ে সামান্য দ্বন্দ্বের জেরে সে বিষপান করে। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।’
এ বিষয়ে কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, গৃহবধূর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174351