টেকনাফ উপকূল থেকে ট্রলারসহ পাঁচ জেলেকে অপহরণের অভিযোগ

টেকনাফ উপকূল থেকে ট্রলারসহ পাঁচ জেলেকে অপহরণের অভিযোগ

কক্সবাজারের টেকনাফ উপকূলসংলগ্ন বঙ্গোপসাগর থেকে মাছ ধরার একটি ট্রলারসহ পাঁচ জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তাদের মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা ধরে নিয়ে গেছে।

গতকাল রোববার (২৮ জুন) সকালে সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন সাগর এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃত ব্যক্তিরা হলেন মাঝি সালাম নুর (৩১), মো. আইয়ুব (৩৭), মো. আজিজুল্লাহ (৩০), সৈয়দ হোসেন (২৫) ও মো. আইয়ুব (২৪)। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা বলে জানা গেছে।

আজ সোমবার (২৯ জুন) দুপুরে টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, টেকনাফের সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকার আলী আহমদের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার নিয়ে জেলেরা সাগরে যান। একপর্যায়ে ট্রলারটি সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন এলাকায় পৌঁছালে আরাকান আর্মির সদস্যরা সেটিকে ধাওয়া করে। পরে ট্রলারসহ পাঁচ জেলেকে জোর করে মিয়ানমারের দিকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।

আবুল কালাম বলেন, ঘটনাস্থলের আশপাশে থাকা অন্য মাছ ধরার ট্রলারগুলো দ্রুত এলাকা ত্যাগ করায় সেগুলো অপহরণের হাত থেকে রক্ষা পায়।

স্থানীয়দের দাবি, সীমান্তবর্তী সাগর এলাকায় মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব পড়ছে। এতে জেলেদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তারা অপহৃতদের দ্রুত উদ্ধারে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকর উদ্যোগের দাবি জানান।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, সাগরে মাছ ধরতে যাওয়া একটি ট্রলারসহ পাঁচ মাঝিমাল্লাকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা সবাই রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174331