সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি ঢামেকে ভর্তি
মফস্বল ডেস্ক: মুন্সীগঞ্জ কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (২৯ জুন) সকালে কারাগার থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়, সোমবার সকাল ৬টার দিকে মুন্সীগঞ্জ কারাগারে অবস্থানকালে সাবেক শিক্ষামন্ত্রী হঠাৎ অসুস্থ বোধ করেন। এরপর কারা কর্তৃপক্ষের জরুরি নির্দেশনায় কঠোর নিরাপত্তায় তাকে ঢাকায় পাঠানো হয়। সকাল সোয়া ৮টার দিকে তাঁকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আরিফুজ্জামান সাংবাদিককে বলেন, দীপু মনির কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত রোগ রয়েছে। তার শারীরিক অবস্থা খুব বেশি আশঙ্কাজনক না হলেও আমাদের এখানকার চিকিৎসকেরা মনে করেছেন, তার আরও ভালো চিকিৎসা প্রয়োজন। তাই তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
তাকে হাসপাতালে নিয়ে আসা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফজলু সংবাদমাধ্যমে জানান, কারাগারে দীপু মনির শারীরিক অবস্থার অবনতি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174316