জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচের আগে সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচের আগে সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের শেষ ৩২ পর্বে আগামীকাল হিউস্টন স্টেডিয়ামে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও এশিয়ার প্রতিনিধি জাপান। গত বছরের প্রীতি ম্যাচের হারের বদলা নিয়ে শেষ ষোলো নিশ্চিত করাই সেলেসাওদের লক্ষ্য। অন্যদিকে, ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট ম্যাচ জয়ের স্বপ্ন দেখছে জাপান।

এই ম্যাচে জয়ী দল শেষ ষোলোতে নরওয়ে অথবা আইভরি কোস্টের মুখোমুখি হবে।

পরিসংখ্যান বলছে, ব্রাজিল তাদের শেষ ছয়টি বিশ্বকাপ নকআউট ম্যাচের চারটিতেই বিদায় নিয়েছে, যা আগের ১৭টি আসরের তুলনায় বেশি। এসব হারের বেশিরভাগই এসেছে ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে।

তবে ১৯৯০ সালের পর বিশ্বকাপের প্রথম নকআউট রাউন্ডে আর কখনও হারেনি ব্রাজিল। সেই আসরে আর্জেন্টিনার কাছে বিদায় নিতে হয়েছিল সেলেসাওদের। এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখার সম্ভাবনাই বেশি দেখছে পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টা।

অপ্টা সুপারকম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৭ দশমিক ৩ শতাংশ। জাপানের জয়ের সম্ভাবনা ১৯ দশমিক ৭ শতাংশ। আর ম্যাচ অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা ২৩ শতাংশ।

দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে স্পষ্টভাবে এগিয়ে ব্রাজিল। এখন পর্যন্ত ১৪টি ম্যাচে ব্রাজিল জিতেছে ১১টিতে, দুটি ম্যাচ ড্র হয়েছে এবং জাপানের একমাত্র জয় এসেছে গত বছরের প্রীতি ম্যাচে ৩-২ ব্যবধানে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174304