ভারতকে হোয়াইটওয়াশ করে আয়ারল্যান্ডের ইতিহাস
স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে শুরুটা ছিল একেবারেই দুঃস্বপ্নের। সিরিজ বাঁচাতে ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই দুই ওপেনারকে শূন্য রানে হারায় ভারত। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই সাজঘরে ফেরেন চার ব্যাটার। এমন বিপর্যয়ের পর তিলক ভার্মা একাই ম্যাচে ফেরানোর চেষ্টা করেন দলকে। শেষ ওভারে জমে ওঠে শ্বাসরুদ্ধকর লড়াই, তবে শেষ পর্যন্ত মাত্র ১ রানের রুদ্ধশ্বাস জয় তুলে নেয় আয়ারল্যান্ড।
বেলফাস্টে রোববার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৫৫ রান করে স্বাগতিকরা। জবাবে ভারতের ইনিংস থামে ১৫৪ রানে। ফলে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নেয় আইরিশরা। এই জয়ে ভারতের বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের স্বাদ পেলো আয়ারল্যান্ড।
মাত্র তিন দিনের ব্যবধানে এটি আয়ারল্যান্ড ক্রিকেটের তৃতীয় স্মরণীয় জয়। প্রথম টি-টোয়েন্টিতে ৩৪ রানে ভারতকে হারিয়ে ইতিহাস গড়েছিল তারা। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের বিপক্ষে সেটিই ছিল আইরিশদের প্রথম জয়।
এরপর ব্রিস্টলে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পায় আয়ারল্যান্ড নারী দল। টানা ২১ ম্যাচ হারের পর আসে সেই কাঙ্ক্ষিত সাফল্য। এবার পুরুষদের দলও যোগ করল নতুন কীর্তি। একাধিক গুরুত্বপূর্ণ পেসারকে ছাড়াই পূর্ণশক্তির ভারতের বিপক্ষে সিরিজ জিতে চমক দেখিয়েছে তারা।
চোটের কারণে জশ লিটল, মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফারসহ পাঁচজন পেসারকে ছাড়াই এই সিরিজ খেলতে হয়েছে আয়ারল্যান্ডকে। তবু নতুন অধিনায়ক লরকান টাকারের নেতৃত্বে দুর্দান্ত ক্রিকেট খেলেছে স্বাগতিকরা। অন্যদিকে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে শ্রেয়াস আইয়ারের শুরুটা হলো হতাশার।
সিরিজে আয়ারল্যান্ডের হয়ে অভিষেক হওয়া দুই পেসারও দারুণ ছাপ রেখেছেন। প্রথম ম্যাচে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন ম্যাট হলার্ড। আর দ্বিতীয় ম্যাচে ভারতের রাজস্থানে জন্ম নেওয়া জেয় মুন্ড্রা প্রথম ওভারেই দুই উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ৩২ রানে ৩ উইকেট শিকার করে ম্যাচসেরার পাশাপাশি সিরিজসেরার পুরস্কারও জিতে নেন তিনি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174303