রাতারাতি শিক্ষিত বা দক্ষ হওয়া সম্ভব নয়: সমাজকল্যাণমন্ত্রী

রাতারাতি শিক্ষিত বা দক্ষ হওয়া সম্ভব নয়: সমাজকল্যাণমন্ত্রী

দক্ষতা অর্জন এবং জীবনযাত্রায় পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য দীর্ঘমেয়াদী শিক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, লার্নিং প্রসেস বা শেখার প্রক্রিয়া একটি দীর্ঘস্থায়ী কাজ। রাতারাতি শিক্ষিত বা দক্ষ হওয়া সম্ভব নয়; এর জন্য ধৈর্য এবং নিজের ওপর আস্থা রাখা অত্যন্ত জরুরি।

রোববার (২৮ জুন) রাজধানীর রাজারবাগে আলোকি ২১১ হলে আয়োজিত বিএনপির এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার গুরুত্ব তুলে ধরে ডা. জাহিদ হোসেন বলেন, শিক্ষার মাধ্যমে জ্ঞান বৃদ্ধি পায়, যা মানুষের আত্মবিশ্বাস বাড়ায়। আর আত্মবিশ্বাস থাকলে যে কোনো বিষয়ে স্পষ্টভাবে কথা বলা ও নেতৃত্ব দেওয়া সম্ভব হয়। বর্তমান সুযোগ-সুবিধায় অভ্যস্ত হলেও অতীতের প্রতিকূলতা ও হারিকেন বা তালপাতার পাখার যুগে অভ্যস্ত জীবনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ও জ্ঞানকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

তিনি জানান, দেশের ৫৯৭টি উপজেলায় প্রশিক্ষণের সুবিধা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সম্ভাব্য দুর্যোগ ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রান্তিক পর্যায়ের মানুষ, বিশেষ করে গ্রামের মা-বোনদের দক্ষ করে তোলার ওপর তিনি জোর দেন। মন্ত্রী বলেন, বিজ্ঞান বলছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের অনেক এলাকা তলিয়ে যেতে পারে এবং অনেক মানুষ বাস্তুচ্যুত হতে পারে। এই কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার কৌশল যদি তৃণমূল পর্যায়ে শেখানো যায়, তবেই বিপর্যয় মোকাবিলা করা সহজ হবে।

প্রযুক্তি ও নবায়নযোগ্য শক্তির ব্যবহারের ওপর আলোকপাত করে ডা. জাহিদ হোসেন বলেন, সোলার পাম্পের মতো প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ বা কেরোসিনের ওপর নির্ভরতা কমিয়ে কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে বড় পরিবর্তন আনা সম্ভব। বিশ্বব্যাপী অর্জিত আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারলে বাংলাদেশে একটি ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করা সম্ভব হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

কর্মশালায় তৃণমূল পর্যায় থেকে শুরু করে সর্বস্তরের মানুষের মাঝে দক্ষতা বৃদ্ধির এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সমাজকল্যাণমন্ত্রী।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174283