নওগাঁর রাণীনগরে রাতে চুরি, ভোরে থ্রি-পিস ও প্যান্ট পরে ছিনতাই
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গতকাল শনিবার রাতে মোটরসাইকেল চুরি এবং আজ রোববার (২৮ জুন) ভোরে থ্রি পিস, কালো প্যান্ট পরে মুখ বেঁধে অভিনব কায়দায় স্বর্ণালঙ্কার ও টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে।
ছিনতাইকারীদের কবলে পড়া উপজেলার কাশিমপুর চারাপাড়া গ্রামের শহিদুল ইসলাম বাবুর ছেলে মিশুক প্রামাণিক(২৪) জানান, রাতে তার নানা মারা যাবার খবর পেয়ে ভোর অনুমান পৌনে চারটায় একটি টমটম ভাড়া করে বাবা-মা ও পরিবারের লোকজনকে সাথে নিয়ে পার্শ্ববর্তী আত্রাই উপজেলার তিলাবুদুরি গ্রামে যাচ্ছিলেন।
এসময় পতিমধ্যে রাণীনগর উপজেলার আলোপাড়ার মোড় নামক স্থানে পৌঁছালে থ্রি পিস ও কালো প্যান্ট পরা এবং মুখ বাঁধা তিন ছিনতাইকারী সড়কে বাঁশ ফেলে পথরোধ করে। এরপর দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাকে মারধর করে কাছে থাকা ২৩ হাজার টাকা এবং মা মেরিনা বিবির গলায় থাকা পাঁচ আনা স্বর্ণের মালা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পথে তাদের চিৎকারে স্থানীয় লোকজন এসে মিশুকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করে দেয়।
এঘটনার খবর পেয়ে ভোরেই থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরদিকে উপজেলার খাগড়া গ্রামের শমসের আলীর ছেলে জহুরুল ইসলাম (৬২) বলেন, তিনি অবসরপ্রাপ্ত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। সেই সুবাদে দীর্ঘদিন ধরে উপজেলার কুজাইল বাজারে একটি চেম্বারে বসে চিকিৎসা সেবা দিয়ে আসছেন।
প্রতিদিনের ন্যায় গতকাল শনিবার মোটরসাইকেল নিয়ে বাজারে গিয়ে চেম্বার এলাকায় মোটরসাইকেল রেখে মসজিদে এশার নামাজ আদায় করেন। এরপর নামাজ শেষে বের হয়ে দেখেন তার মোটরসাইকেল চুরি হয়ে গেছে। এঘটনায় রাতেই তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, ছিনতাইয়ের খবর পেয়ে সাথে সাথে সেখানে পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এসব ঘটনায় মামলা দায়েরসহ জড়িতদের ধরতে এবং মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174277